
নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯২ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ অভিযোগ খতিয়ে দেখতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই মধ্যে অভিযুক্ত ৯২ শিক্ষকের মধ্যে ৫৮ জনের নাম শনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির অপর দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক। কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে সার্বিক পর্যালোচনা করে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ করবে। ইতিমধ্যে কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে গোপন তৎপরতায় যুক্ত রয়েছেন বলে দাবি করা হয়। প্রতিবেদনটি কর্তৃপক্ষের নজরে আসার পর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে।
ওই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষকের এমন তৎপরতায় যুক্ত থাকার কথা উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে ৫৮ জনের নাম ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের তৎপরতার সঙ্গে যুক্ত আরও কোনো শিক্ষকের নাম শনাক্ত হলে তাঁদের বিষয়ও কমিটির পর্যালোচনার আওতায় আনা হবে। পরে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।







