
নিজস্ব প্রতিবেদক: দেশের ৫০৩টি উপজেলায় একযোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে সারাদেশে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় রাজশাহীর দুর্গাপুর উপজেলায়ও নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য আজাদ রেজাউল করিম, জারজিস হোসেন সোহেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ক্রীড়া আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।







