
বিশেষ প্রতিনিধি: উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তাদের কাজের ভুলত্রুটি ও অনিয়ম-দুর্নীতি তুলে ধরে সমালোচনা কিংবা নেতিবাচক সংবাদ প্রকাশ না করতে গণমাধ্যমকর্মীদের নিরুৎসাহিত করেছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। একইসাথে উপজেলা প্রশাসনের বিভিন্ন ধরনের কার্যক্রমের সমালোচনা করা কিংবা গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশ করাটাও একধরনের ‘গীবত’ বলে মন্তব্য করেন ইউএনও উম্মে হাবিবা ফারজানা। এ প্রসঙ্গে হযরত মুহাম্মদ (সা:)-এর উদ্ধৃতি উল্লেখ করে একটি হাদিস শোনান তিনি।
ইউএনও উম্মে হাবিবা ফারজানার এমন মন্তব্যে স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী, প্রশাসনের জবাবদিহি এবং সরকারি কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিরুৎসাহিত করে একধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে হাদিসের আংশিক অপব্যাখ্যা করেছেন বলে প্রশ্ন তোলেন সভায় উপস্থিত স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের মিনি হলরুমে আয়োজিত সার্বিক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্যে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন ইউএনও উম্মে হাবিবা ফারজানা।
সম্প্রতি, গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টার ঘটনার প্রসঙ্গে এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে সমাপনী বক্তব্যে ইউএনও আরও বলেন, ‘সরকারি কর্মকর্তারাও মানুষ, ফেরেশতা নন। কাজ করতে গেলে তাঁদের ভুল হতেই পারে। কেউ ভুলের উর্ধ্বে নন। একমাত্র ভুল হয়না ফেরেস্তাদের। আল্লাহ তাদের সকল ভালো গুণাবলি ও শতভাগ পবিত্রতা এবং ভালো দিক দিয়ে সৃষ্টি করেছেন। আর ভুল করে শয়তান। শয়তানকে সেইভাবেই সকল খারাপ কিছু দিয়ে সৃষ্টি করা হয়েছে। একমাত্র মানুষকেই ভালো-খারাপ মিশ্রণে সৃষ্টি করা হয়েছে। আমরা (সরকারি কর্মকর্তা) সর্বোচ্চ ভালো কাজ করার চেষ্টা করব। আমাদের মধ্যেও ভুলত্রুটি হয়ে থাকে, আমরা একদম পারফেক্ট না। এই কারণে সরকারি কর্মকর্তাদের কাজের ভুলত্রুটি ধরার বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিরুৎসাহিত করেন তিনি। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশেরও আহ্বান জানান।”
এ প্রসঙ্গে ধর্মীয় ব্যাখ্যা দিতে গিয়ে ইউএনও বলেন, ‘হাদিসে আছে, এই হাদিসটা সবাই জানে, রাসুল (সা:) বলেছেন- পরনিন্দা, পরচর্চা, কারো অনুপস্থিতিতে সমালোচনা করা এমনকি কারোর অপছন্দের বিষয় প্রকাশ করাটাও একধরনের ‘গীবত’! এটিকে মরা ভাইয়ের গোশত খাওয়ার শামিল বলেছেন।’
উম্মে হাবিবা ফারজানা বলেন, ‘যে ঘটনা সত্যিই ঘটেছে! সেই ঘটনা নিয়ে সমালোচনা করা, পরনিন্দা করা গীবতের পর্যায়েই পড়ে। এখানে যে কাজটি বা ঘটনাটি ঘটেইনি অথচ সেটাই সংবাদ আকারে প্রকাশ করেছেন। প্রতিটি বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনারা যারা এসব করেছেন জানি না আল্লাহর কাছে এটার কি জবাবদিহি আছে। ’
দুর্গাপুরের ইউএনও উম্মে হাবিবা ফারজানার এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে কয়েকজন ইসলামি বুজুর্গ ও বিশিষ্ট মুহাদ্দিসের সাথে কথা বলা হলে তাঁরা বলেন, গীবত হলো কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ বা ত্রুটি অন্যের কাছে আলোচনা করা, যা সে শুনলে মনে কষ্ট পাবে বা অপছন্দ করবে। ইসলামী পরিভাষায় এবং সামাজিক দৃষ্টিতে গীবত একটি অত্যন্ত গর্হিত কাজ এবং কবিরা গুনাহ। তবে, প্রকৃত জনস্বার্থে বা বৃহত্তর কল্যাণে কোনো গোপন অপরাধ, প্রতারণা বা ক্ষতিকর বিষয় প্রকাশ করা ইসলামে গীবত হিসেবে বিবেচিত হয় না, বরং ক্ষেত্রবিশেষে এটি জরুরি ও সওয়াবের কাজ।
ফকিহ্ বীদদের মতে, ইসলামী শরীয়ত অনুযায়ী ব্যক্তিগত আক্রোশ বা হেয় করার উদ্দেশ্য ছাড়া জনকল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচানোর স্বার্থে ৬টি বিশেষ ক্ষেত্রে কারো দোষ বা ত্রুটি আলোচনা করা বৈধ এবং এটি গীবত হিসেবে গণ্য হয়না।
এদিকে, ইউএনও উম্মে হাবিবা ফারজানার এমন মন্তব্য ও ধর্মীয় অপব্যাখ্যার পর সরকারি কর্মকর্তাদের গাফেলতির কারণে ভুলত্রুটি, অনিয়ম-দুর্নীতি, কিংবা দায়িত্বে অবহেলার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলে তা সংবাদমাধ্যমে তুলে ধরা গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব। জনস্বার্থসংশ্লিষ্ট কোনো ঘটনা তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকাশ করাকে গীবতের সঙ্গে তুলনা করা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠেছে গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজে।
গণমাধ্যমকর্মীদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরা ইউএনও’র এমন মন্তব্যের বিরোধিতা করে বলেন- উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা ভুলত্রুটি করতে পারেন, এটি স্বাভাবিক। কিন্তু সেই ভুলের কারণে জনগণ ক্ষতিগ্রস্ত হলে তা তুলে ধরা গণমাধ্যমকর্মীদের দায়িত্ব এবং কর্তব্য।
অথচ, একটি উপজেলার পুরো নির্বাহী ক্ষমতা যার হাতে, তাঁর মতো একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে সরকারি কর্মকর্তাদের ভুলত্রুটি, অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা মতো ঘটনার আদ্যোপান্ত তুলে ধরে সংবাদ প্রকাশে নিরুৎসাহিত করতে ধর্মীয় অপব্যাখ্যা প্রত্যাশিত নয়।
দুর্গাপুর প্রেসক্লাবের একজন জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী বলেন- গণমাধ্যমে প্রকাশিত সংবাদে কাল্পনিক বা অসত্য তথ্য-উপাত্ত কিছু থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য, অন্যান্য প্রমাণাদিসহ প্রতিবাদ লিপির মাধ্যমে তা সংশোধনের সুযোগ রয়েছে। কিন্তু সরকারি কর্মকর্তাদের ভুলত্রুটি, অনিয়ম-দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করে সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিরুৎসাহিত করে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে প্রকাশিত সংবাদের বস্তুনিষ্ঠতা প্রমাণ করতে আপত্তিকর অংশ আংশিক বা পুরোপুরি পরিমার্জন-পরিবর্ধন করা যায়। ক্ষেত্র বিশেষে আংশিক সংশোধন করে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র ও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের একজন প্রধান নির্বাহী কর্মকর্তা আরও দায়িত্বশীল হওয়া উচিৎ।
স্থানীয় অপর এক জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী বলেন, প্রকাশিত সংবাদ কারো অপছন্দ হতেই পারে। তার মানে এই নয় যে, সংবাদটি অসত্য। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জনস্বার্থে যে কোনো সংবাদ গণমাধ্যমে তুলে ধরা গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব। ইউএনওর এমন বক্তব্যের নিন্দাসূচক মন্তব্য করা ছাড়া আপাতদৃষ্টিতে বিকল্প কিছু নেই।
ইউএনও উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে আয়োজিত ওই সভায় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি উপজেলা প্রশাসনের সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় উপস্থিত ছিলেন না। তবে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুহুল আমিন, দুর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা গোলাম মর্তুজাসহ সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।






