
নবীন পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষতার নির্দেশ আইজিপির।
নিজস্ব প্রতিবেদক: সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ ও টেকসই বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম।
বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের নবনিযুক্ত সহকারী পুলিশ সুপারদের (এএসপি) যোগদানপূর্ব দিকনির্দেশনামূলক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেন, বর্তমান বাস্তবতায় বাংলাদেশ পুলিশকে জন-আকাঙ্ক্ষা, মানবাধিকার এবং নারী, শিশু ও বয়স্ক নাগরিকদের প্রতি সংবেদনশীল থেকে দায়িত্ব পালন করতে হবে। নবীন কর্মকর্তাদের নতুন উদ্যম ও অঙ্গীকার নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। পুলিশের প্রতিটি সদস্যকে বাহিনীর প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, পুলিশিং একই সঙ্গে সেবামূলক ও চ্যালেঞ্জিং পেশা। ৫ আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী সমাজ ও রাষ্ট্রের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।
নবীন কর্মকর্তাদের ভবিষ্যৎ পুলিশ নেতৃত্ব হিসেবে উল্লেখ করে আইজিপি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। জ্ঞান ও অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আইন ও বিধিবিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারত্বের সঙ্গে জনগণকে সেবা দিতে হবে।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে আস্থাপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই কার্যকর পুলিশিংয়ের অন্যতম ভিত্তি। জনসেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জনে নবীন কর্মকর্তাদের আন্তরিক হতে হবে।
অনুষ্ঠানে মাঠপর্যায়ে প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন নবপদায়িত কয়েকজন কর্মকর্তা। তাঁরা পেশাদারত্ব বজায় রেখে জনগণকে সেবা দেওয়া এবং জন-আস্থা অর্জনে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।
অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআইজি (প্রশাসন) মোঃ হুমায়ুন কবীর।
বাংলাদেশ পুলিশে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৭২ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ৬৬ জন পুরুষ ও ছয়জন নারী কর্মকর্তা রয়েছেন।







