
রাজশাহী প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নৈরাজ্য, অরাজকতা, যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের অভিযোগের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সোনালী ব্যাংক পিএলসি, রাজশাহী অঞ্চলের জিয়া পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ইলিয়াস আলী। তিনি সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজারস অফিস, রাজশাহীতে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে নৈরাজ্য, অরাজকতা, যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের মতো কর্মকাণ্ড জননিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ধরনের সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়।
বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশে শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশে জিয়া পরিষদ, সোনালী ব্যাংক পিএলসি, রাজশাহী অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশের আয়োজন করে জিয়া পরিষদ, সোনালী ব্যাংক পিএলসি, রাজশাহী অঞ্চল, রাজশাহী।







