
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া ও পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পৃথক মামলায় কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ও শুক্রবার (২০ নভেম্বর) মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. জাবেদ আকতার (৫০), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. মনিরুল ইসলাম মনা (৪০), মো. নুরুজ্জামান টুকু (৪৯) এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল (৫৩)।
পুলিশ জানায়, রাজপাড়া থানার বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে জাবেদ আকতারকে গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। একই দিন বিকেল সোয়া ৫টার দিকে বোয়ালিয়া থানার নিউমার্কেট এলাকার মোহন ব্রাদার্স নামের একটি দোকান থেকে মনিরুল ইসলাম মনাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ছাড়া শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজপাড়া থানার মহিষবাথান এলাকায় অভিযান চালিয়ে নুরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
অন্যদিকে, পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পৃথক মামলায় বৃহস্পতিবার রাত ৭টার দিকে আলাইবিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান মানজালকে গ্রেপ্তার করে পবা থানা পুলিশ। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
আরএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।







