
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন।
এ সময় ভূমিমন্ত্রী বলেন, মসজিদ আল্লাহর ঘর। দলমত নির্বিশেষে পবিত্র এ ঘরের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় মসজিদ কমপ্লেক্সটির উন্নয়ন সম্ভব। এটির উন্নয়নে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, সিটি করপোরেশন মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। বালিয়াপুকুর জামে মসজিদের উন্নয়নেও সহায়তা করা হবে। মসজিদ কমপ্লেক্সটি নির্মিত হলে এলাকার মুসল্লিদের নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় উন্নত পরিবেশ তৈরি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মো. এরশাদ আলী ঈশা এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
ভিত্তিপ্রস্তর উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক দোয়া পরিচালনা করেন। শুভেচ্ছা বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মো. মুরাদ হোসেন।
এ সময় মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি আলহাজ আবু সাঈদ ও আলহাজ আলতাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন ও আলহাজ মো. আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ আলহাজ আব্দুর রউফ সরকার, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আজবসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়া রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসিম উদ্দীন আরজু, এলাকার মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি এবং মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







