
বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি হামলার লক্ষ্যবস্তু ড. ইউনূসের পৈতৃক বাড়িও
নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাদের বাড়ি, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে। ক্ষমতাসীন বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িঘরের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের বাড়িতেও আগুন দেওয়া হচ্ছে। বাদ যাচ্ছে না সরকারি প্রতিষ্ঠান, থানা, ইউনিয়ন পরিষদ কার্যালয় ও যানবাহনও। এসব ঘটনায় জনমনে আতঙ্ক বাড়ছে।
গত কয়েক দিনে সারা দেশে বিএনপির অন্তত ১১ নেতাকর্মীর বাড়ি ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। অন্যদিকে আওয়ামী লীগের সাবেক অন্তত ১০ মন্ত্রী-এমপি ও নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে সহিংসতার সূত্র ধরে বিভিন্ন এলাকায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের দাবি, গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িঘর এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর লক্ষ্যবস্তু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে উত্তেজনা নতুন করে বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িতে হামলা
গত ১৭ নভেম্বর রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার পৈতৃক বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে বিএনপি সমর্থিত আরও কয়েকজনের বাড়িতেও আগুন দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
পরদিন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের শহরের থানাপাড়া এলাকার বাসভবন, ব্যক্তিগত কার্যালয় এবং তাঁর মালিকানাধীন আরাফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতেও আগুন দেওয়া হয়।
বৃহস্পতিবার গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় তাঁর ভাইদের দোকানসহ কয়েকজন সমর্থকের বাড়িতেও হামলার ঘটনা ঘটে। একই দিন মুকসুদপুর থানায় আগুন দেওয়া হয়। এর আগে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়ি, পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি এবং টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের বাড়িতে আগুন
বৃহস্পতিবার রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চক সিংগা গ্রামে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা পাঁচ থেকে ছয়জনের একটি দল বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে বুধবার রাতে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় সাবেক মন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন দেওয়া হয়। একই রাতে সদর উপজেলার ফরাক্কাবাদ গ্রামে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
বুধবার গভীর রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশালের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতেও আগুন দেওয়া হয়।
সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়ি ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ির ফটকের সামনে আগুন জ্বালানো হয় এবং বাড়ির ভেতরে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়ি ও আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ে আগুন দেওয়া হয়। ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের তালাবদ্ধ বাড়ি এবং বরগুনায় দলটির সাবেক নেতা মশিউর রহমান শিহাবের বাড়িতেও আগুন দেওয়া হয়।
পুড়েছে ড. ইউনূসের পৈতৃক বাড়ি ও সরকারি স্থাপনা
বুধবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ি ‘নিরিবিলি’তে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ জানায়, বাড়িটিতে কেউ বসবাস করেন না। সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও নিরাপত্তাকর্মীরা বাড়ির পরিত্যক্ত অংশে কাগজের স্তূপে আগুন জ্বলতে দেখে দ্রুত তা নিভিয়ে ফেলেন।
নেতাদের বাড়িঘরের পাশাপাশি চাঁদপুর ও ময়মনসিংহে দুটি ইউনিয়ন পরিষদ কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে। চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বুধবার রাতে জানালা ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদেও বৃহস্পতিবার ভোরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বরিশাল নগরীর বৌদ্ধপাড়া এলাকায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের তিনতলা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েকজন ব্যক্তি বাড়ির ভাড়াটিয়াদের বের করে দিয়ে ভাঙচুরের পর নিচতলায় আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও সহিংসতার বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক মুহাম্মদ নুরুল হুদা বলেন, এ পরিস্থিতিতে সরকারকে ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মসূচির নামে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা বিঘ্নিত করা, নাশকতা বা সহিংসতার চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় পুলিশের গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। জনগণের জানমাল এবং সরকারি-বেসরকারি সম্পদ রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।







