
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থান-২৪ এর শহীদদের স্মরণে রাজশাহীতে আয়োজন করা হলো ব্যতিক্রমী কর্মসূচি “এক শহীদ, এক বৃক্ষ”। শনিবার (১৯ জুলাই ২০২৫) সকাল ১০টা থেকে সিএন্ডবি মোড় ম্যুরালের সামনে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রাজশাহীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শহীদদের স্মরণে একে একে বৃক্ষরোপণ করা হয়, যাতে প্রতিটি বৃক্ষ হয়ে ওঠে একেকজন শহীদের আত্মত্যাগের জীবন্ত স্মারক।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান । বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।
এছাড়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “শহীদদের স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচি কেবল প্রতীকী নয় – এটি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন। এই গাছগুলো যেন ইতিহাস ও পরিবেশকে একসঙ্গে ধারণ করে।”
কর্মসূচির অংশ হিসেবে অতিথিরা সিএন্ডবি মোড়ের ম্যুরালের সামনে বৃক্ষরোপণ করেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে অতিথিরা সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হয়।