
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে আগামী ১৬ মে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত “নতুন কুঁড়ি স্পোর্টস”। এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু করেছে রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। প্রতিযোগিতার সফল আয়োজন নিশ্চিত করতে বুধবার (৬ মে) দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, শিক্ষা ও আইসিটি) মো. রেজাউল আলম সরকার। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট সদস্যরা অংশ নেন। সভায় জানানো হয়, আগামী শনিবার (১৬ মে) রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে “নতুন কুঁড়ি স্পোর্টস” এর উদ্বোধন করা হবে। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে ২০ মে। এ আয়োজনে রাজশাহী অঞ্চলের শিশু-কিশোরদের অংশগ্রহণে যথাক্রমে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
সভায় আলোচ্যসূচি অনুযায়ী কর্মপরিকল্পনা তুলে ধরেন নতুন কুঁড়ি স্পোর্টস রাজশাহী আঞ্চলিক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। গত ২ মে সিলেট জেলায় প্রধানমন্ত্রী তারেক এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার লক্ষ্য, উদ্দেশ্য ও নিয়মাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিযোগিতাগুলো সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে উপস্থিত সদস্যদের উন্মুক্ত আলোচনা ও মতামত গ্রহণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, “নতুন কুঁড়ি স্পোর্টস” রাজশাহী অঞ্চলের শিশু-কিশোরদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি নতুন ক্রীড়া প্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।