
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পবা উপজেলায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলার ১নং দর্শনপাড়া ইউনিয়নের বিলধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আয়োজন করেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক জিয়াউর রহমান জনি। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও পবা-মোহনপুর আসনের ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এইচ রানা শেখ, ১নং দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলী মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিএনপি ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি যুগান্তকারী উদ্যোগ। এ কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল সবুজে ভরে উঠবে এবং ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল ভোগ করবে।