
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাংলাদেশ শিশু একাডেমির উন্মুক্ত মঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: ইউসুফ আলী,আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: হারুন অর রশীদ, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো: শামীম হোসেন, রাজশাহী জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: শরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আরএমপি পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে কাজী নজরুল ইসলামের বহুমুখী প্রতিভা ও সামাজিক অবদানের কথা তুলে ধরে বলেন, নজরুল শুধু কবি নন-তিনি ছিলেন সুরকার, গীতিকার, সাংবাদিক, সম্পাদক ও সৈনিক। তাঁর সাহিত্য ও জীবনাদর্শে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী বার্তা রয়েছে। তিনি বলেন, বর্তমান সমাজে অসহিষ্ণুতা, পরমতসহিষ্ণুতার অভাব, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘাত, অতিরিক্ত ডিজিটাল নির্ভরতা ও মাদকাসক্তি সামাজিক অস্থিরতা বাড়িয়ে তুলছে। এসব নেতিবাচক প্রবণতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে নজরুলের সাম্য ও মানবতার চেতনা ধারণের পাশাপাশি মোবাইল ও ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার কমিয়ে বই পড়া, সাহিত্যচর্চা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, নজরুলের আদর্শ অনুসরণ করে ধর্মীয় ভেদাভেদ, সাম্প্রদায়িকতা ও বৈষম্য দূর করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব।







