
স্টাফ রিপোর্টার: অবশেষে সকল জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে পুণরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাচ্ছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান। আওয়ামী লীগের হাইকমান্ডের বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সংসদীয় এলাকায় মাঠ জরিপে অনেকটা ক্লিন ইমেজের কারণে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের ডা. মনসুর রহমানের প্রতিই আস্থা রাখছেন বলেও জানান ওই সূত্রটি।
কেন্দ্রীয় আওয়ামী লীগের ওই সূত্রটি আরও জানান, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে বিপুল ভোট পেয়ে সংসদ নির্বাচিত হন প্রফেসর ডা. মনসুর রহমান। টানা সাড়ে চার বছর রাজশাহী-৫ আসনে বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি। দলীয় অভ্যন্তরীণ কোন্দল থাকলেও তা ছিলো ঢিমেতালে। এই আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা নানা ইস্যুতে দলীয় কোন্দল প্রকাশ্যে আনতে চাইলেও সেই ফাঁদে পা দেননি এমপি ডা. মনসুর রহমান। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকটাই ছিলেন স্বস্তিতে।
পরিচ্ছন্ন ইমেজ, সংসদীয় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকার বিরোধী গুজব সন্ত্রাস প্রতিহত করে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি করোনাভাইরাস সংক্রমণের সময় মানুষের পাশে থাকা ও সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছানো সহ নানা কারনে আওয়ামী লীগ সভাপতির গুড বুকে থাকায় আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক উপ কমিটিতেও এমপি ডা. মনসুর রহমানকে ঠাঁই দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ার পর সংসদীয় এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন এমনকি সংসদীয় আসনের গন্ডি পেরিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পাশে থেকে নির্বাচনে জয়যুক্ত করার পেছনেও যথেষ্ট অবদান রয়েছে প্রফেসর ডা. মনসুর রহমানের। ফলে প্রতিদান হিসেবে রাজশাহী-৫ আসনে পুণরায় নৌকার মাঝি হিসেবে প্রফেসর ডা. মনসুর রহমানকেই দলীয় মনোনয়ন দেয়া হবে বলেও দাবি করেন ওই সূত্রটি।
প্রফেসর ডা. মনসুর রহমান রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। এছাড়াও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচীপ) সভাপতি ও রাজশাহী বিএমএ’র সহ-সভাপতি হিসেবে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। তাঁর মনোনয়নের জন্য বিএমএ এবং স্বাচিপের কেন্দ্রীয় কমিটির জোর সুপারিশ আছে বলেও জানান সূত্রটি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কার্যালয়ে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী ও রংপুর বিভাগের মোট ৭২টি আসনের প্রার্থী তালিকা চুড়ান্ত করা হয়। এর মধ্যে রাজশাহী বিভাগে আসন রয়েছে ৩৯টি। আগামী শনিবার চুড়ান্ত তালিকা প্রকাশ করার কথা রয়েছে। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
ওই সভা শেষে প্রফেসর ডা. মনসুর রহমানের মনোনয়ন তালিকায় নাম থাকার বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিশ্বস্ত ওই সুত্রটি এই প্রতিবেককেও নিশ্চিত করেন।
উল্লেখ্য, রাজশাহী-৫ আসনে বর্তমান সংসদ সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান ও সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারা ছাড়াও এবার দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেন প্রায় এক ডজন নেতা। মনোনয়ন প্রত্যাশিদের তালিকায় ইউপি চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যানরাও রয়েছেন।







