
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে রাজশাহী রাইফেল ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রাজশাহী রাইফেল ক্লাবের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, লেজার শুটিং সিস্টেম ক্রয়, কিট শুটিংয়ের জন্য বন্দুক ক্রয় (অনুদান প্রাপ্তি সাপেক্ষে), সদস্যদের প্রশিক্ষণ ও শুটিং কার্যক্রমের উন্নয়ন, ক্লাবের প্রশাসনিক বিষয়াদি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ ক্লাবের সার্বিক উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ কমিশনার মহোদয় ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও মানসম্মত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে ১২তম এয়ারগান চ্যাম্পিয়নশিপে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক অর্জনকারী শুটারদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। পুলিশ কমিশনার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, রাজশাহী রাইফেল ক্লাবের কার্যনির্বাহী কমিটির সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।







