
নিজস্ব প্রতিবেদক : ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সংশোধনের উদ্যোগের অংশ হিসেবে জনসাধারণের পরামর্শ আহ্বান করেছেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
বুধবার বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মহাপরিচালক বলেন, “আইনটিতে কিছু অসামঞ্জস্য রয়েছে। কিছু ক্ষেত্রে ভোক্তার অধিকার খর্ব হয়েছে। এ কারণে আমরা সংশোধনের প্রস্তাব দিতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি। আইনটি আরও কার্যকর ও সময়োপযোগী করতে চাই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি ছোট দেশ হলেও এর জনসংখ্যা সতেরো কোটির বেশি। সবাই সবার আত্মীয় হলেও কেউ কাউকে বিশ্বাস করতে পারে না—এটি একটি বড় দুর্ভাগ্য। আমাদের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে খাদ্য, কিন্তু সেই খাদ্য কতটা নিরাপদ তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে নৈতিকতার অভাব।” তিনি নৈতিকভাবে সৎ ব্যবসায়ী শ্রেণি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। তিনি বলেন, “ঈদের আগে আমাদের সেবা গ্রহণকারীদের অধিকার সংরক্ষণের বিষয়ে আমরা সচেতন থাকবো। ঈদের পশু কেনাকাটায় সতর্কতা অবলম্বন এবং নির্দিষ্ট স্থানে কোরবানি করার আহ্বান জানাচ্ছি।”
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আব্দুল আলীম। স্বাগত বক্তব্য দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ইব্রাহীম হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগীয় দপ্তরের প্রধানগণ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনেরা অংশগ্রহণ করেন।







