
নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা: মাদকবিরোধী অভিযান জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নাটোরের নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহানকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) নাটোর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তাকে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার গ্রহণের পর ওসি মনোয়ার জাহান নলডাঙ্গা থানা পুলিশের সদস্যদের ধন্যবাদ জানান।
পুলিশ সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানায় যোগদানের পর ওসি মনোয়ার জাহানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর নলডাঙ্গা পৌরসভার বুড়িরভাগ এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়া একটি নিবন্ধনবিহীন সিএনজি থেকে পড়ে যাওয়া তিনটি প্লাস্টিকের বস্তায় প্রায় ৩৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পাশাপাশি মাদকবিরোধী অভিযানে নলডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ওসি মনোয়ার জাহানকে এ আর্থিক পুরস্কার দেওয়া হয়।
ওসি মনোয়ার জাহান বলেন, নলডাঙ্গা থানা পুলিশের সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও সবার সহযোগিতার কারণেই এ ধরনের অভিযান সফল হচ্ছে। মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।







