
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি এবং চারজন পরোয়ানাভুক্ত আসামি।
শুক্রবার (২ অক্টোবর) তাঁদের রাজশাহীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলমগীর হোসেন (৪০) দুর্গাপুর পৌরসভার হরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। ২০২০ সালে দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন তিনি।
এ ছাড়া গ্রেপ্তার অন্য চারজন হলেন—ধরমপুর গ্রামের আকছেদ আলীর ছেলে হক সাহেব (২৮), ঝালুকা গ্রামের সহিদুলের ছেলে সম্রাট, জয়কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মকবুল হোসেন (৪৫) এবং ঝালুকা গ্রামের মুনছুর রহমানের ছেলে আরিফ আলী। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পরোয়ানাভুক্ত চার আসামিকেও গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।







