
নিজস্ব প্রতিবেদক : ছয় দফা দাবিতে তালা পড়েছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে। দেড় দিন পার হলেও তালা খোলা হয়নি, ফলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। একই দাবিতে তালাবদ্ধ রয়েছে রাজশাহী মহিলা পলিটেকনিক ও সরকারি সার্ভে ইনস্টিটিউটও।
গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। আন্দোলনকারীদের দাবি, রাজশাহী বিভাগের সব পলিটেকনিক ইনস্টিটিউটেই একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে।
আন্দোলনের কেন্দ্রীয় সহপ্রতিনিধি ও শিক্ষার্থী মো. সালমান আহম্মেদ তুষার বলেন, “এক দিন পার হলেও আমরা কোনো ইতিবাচক সাড়া পাইনি। ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এ বিষয়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আবু হানিফ জানান, তালার কারণে শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাসে এলেও প্রশাসনিক ভবনে ঢুকতে পারছেন না। কার্যক্রম পুরোটাই অচল হয়ে আছে।
তালা দেওয়ার সিদ্ধান্ত আসে রোববার বিকেলে রাজশাহী পলিটেকনিক মাঠে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে। এর আগে, শুক্রবার বিকেলে রাজশাহী মহিলা পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পলিটেকনিক প্রাঙ্গণে জড়ো হয়ে নগরজুড়ে বিক্ষোভ মিছিল করেন।
গত মঙ্গলবার ও বুধবার শিক্ষার্থীরা রাজশাহী নগরের রেলগেট ও ভদ্রা মোড়ে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন। প্রথম দিন সাড়ে তিন ঘণ্টা এবং পরদিন আড়াই ঘণ্টা ধরে চলা এই অবরোধে জনজীবনে বড় ধরনের ভোগান্তি তৈরি হয়।







