
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সব জেলার পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গঠিত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছেন। আজকের সভায় সেই প্রস্তুতির অংশ হিসেবে আমরা আলোচনা করেছি।”
তিনি জানান, নির্বাচনের সময় যেসব প্রশাসনিক কর্মকর্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, বিশেষ করে এসপি, ডিসি, ইউএনও ও ওসিদের বদলি নিয়ে প্রার্থীদের মধ্যে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। এ কারণে এবার স্বচ্ছতা বজায় রাখতে এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
“তফসিল ঘোষণার আগেই গণমাধ্যমের সামনে এই লটারি অনুষ্ঠিত হবে। লটারির মাধ্যমে কে কোন জেলায় যাবেন তা নির্ধারণ করা হবে,” বলেন তিনি।
তিনি আরও জানান, ওসিদের ক্ষেত্রে বিভাগভিত্তিক (ডিভিশনওয়াইজ) লটারি হবে। তবে ডিসিদের বদলি প্রসঙ্গে তিনি বলেন, “জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তা তারাই নির্ধারণ করবে। আমাদের আশাবাদ—তারা সম্ভবত একই পদ্ধতি অনুসরণ করবে।”
লটারি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “তফসিল ঘোষণার পর এই দায়িত্ব নির্বাচন কমিশনের আওতায় চলে যায়। তখন কমিশন চাইলে আবারও পরিবর্তন আনতে পারে।