
নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিক মারা গেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে দায়িত্ব পালনের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
তরিকুল শিবলী অনলাইনভিত্তিক টেলিভিশন ‘চ্যানেল এস’-এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি সরাসরি সম্প্রচার (লাইভ) চলাকালে হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। চিকিৎসকের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।