
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ছাত্রদল।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার পর টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর হয়ে রেজিস্ট্রার ভবনের দিকে যায়। বিএনপির ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতাকর্মীরা স্লোগান দেন- “রাজাকারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না”, “ভোট চুরির তালবাহানা, চলবে না চলবে না”, “নির্বাচনে কারচুপি, মানি না মানবো না”, “ভোট চোর ভোট চোর, প্রশাসন ভোট চোর” ইত্যাদি।
দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ছাত্রদলসহ বিভিন্ন প্যানেল প্রশাসনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলে। ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রশাসন ছাত্রশিবিরকে “বাড়তি সুযোগ” দিয়েছে এবং নির্বাচনে নানা অনিয়ম করেছে।
ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ছয় পৃষ্ঠার ওএমআর শিটে ব্যালট পেপারের মাধ্যমে শিক্ষার্থীরা ভোট দেন। বিকেল ৫টার পর ৮ কেন্দ্রে ভোট গণনা শুরু হয়, যা ১৪টি মেশিনে সম্পন্ন হচ্ছে।
রাত ৮টার দিকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ টিএসসি কেন্দ্রে ভোট গণনা স্থলে প্রবেশের চেষ্টা করেন। তবে ছাত্রদলের অভিযোগ, ভেতরে শিবিরের নেতারা বসে থাকলেও তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা টিএসসি থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে যান। সেখানেও ঢুকতে না পেরে তারা হইচই করেন এবং আবার টিএসসিতে ফিরে আসেন।
এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রশিবিরবিরোধী স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় টিএসসি কেন্দ্রে ভোট গণনা কিছুক্ষণ বন্ধ থাকে।
বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে এ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।