
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক শহীদ পরিবার ও আহতদের চিকিৎসার জন্য ২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে। তহবিল থেকে শহীদ পরিবারের আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসা ব্যয় বহন করা হবে।
মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা বরাদ্দ দেবে। এছাড়া দেশের ১১টি ভালো পারফরম্যান্স সম্পন্ন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রত্যেকটি এক কোটি টাকা করে অর্থ প্রদান করবে। প্রত্যেক ব্যাংক তাদের বোর্ড সভার মাধ্যমে অনুমোদন নিয়ে এই অর্থ হস্তান্তর করবে।
সূত্র জানায়, গঠিত তহবিল ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর কাছে হস্তান্তর করা হবে এবং এটি শহীদ পরিবার ও আহতদের সহায়তায় ব্যবহৃত হবে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা এই তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিলেন, যা অবশেষে বাস্তবায়িত হচ্ছে।
এই উদ্যোগকে সংশ্লিষ্টরা ‘রাষ্ট্রায়ত্ত মানবিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ’ হিসেবে অভিহিত করেছেন







