
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মেহেদী হাসান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫।
এ সময় এসআরবি বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগী মো. আল-মামুন (৪০) কৌশলে পালিয়ে যান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকায় মেহেদী হাসানের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। পলাতক আল-মামুনও একই এলাকার বাসিন্দা।
এসআরবি-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে এসআরবি-৫ -এর রাজশাহী সদর কোম্পানির একটি দল ওমরপুর হঠাৎপাড়ায় মেহেদী হাসানের বাড়ি ঘেরাও করে অভিযান চালায়। এ সময় মেহেদী হাসানকে আটক করা সম্ভব হলেও তাঁর সহযোগী আল-মামুন পালিয়ে যান।
পরে মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর দেখানো মতে বসতবাড়ির সামনে খড়ি রাখার ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান স্বীকার করেছেন, বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ হেরোইন তাঁর হেফাজতে রেখেছিলেন। তিনি ও পলাতক আল-মামুন দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।







