
ডিবিসি জার্নাল ডেস্ক : ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ইসরায়েলের সামরিক হামলার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি অজানা স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে হিব্রু সংবাদমাধ্যম চ্যানেল ১২। শুক্রবার (১৩ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর বহনকারী বিমানটি যুদ্ধবিমানের প্রহরায় ইসরায়েলি সীমান্ত পেরিয়ে বাইরে চলে যায়। পরে বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে বলেও দাবি করা হয়।
হামলার পর ইরান জানায়, তারা জবাবদিহিমূলক প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় নেতানিয়াহুকে ‘নিরাপদ’ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়টি নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা তৈরি করেছে।
প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, নেতানিয়াহুর বিমানের সঙ্গে দুটি যুদ্ধবিমান ছিল। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।
এদিকে ইরান দাবি করেছে, হামলায় তাদের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় দুই কর্মকর্তা—সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।
ইরানের অভ্যন্তরে এমন বড় ধরনের সামরিক আক্রমণ এবং তার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর গোপন স্থানান্তর—এই দুটি ঘটনা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা জোরালো করছে।