
নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলকে নিয়ে ছাত্রশিবির নেতাদের শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের কড়া জবাব দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। রাজশাহীতে ছাত্রদলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে কেউ পার পাবে না উল্লেখ করে তিনি বলেন, শিক্ষানগরী রাজশাহীর শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত বিশাল এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবির নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে রিটন বলেন, “ছাত্রদল আমাদের আবেগের জায়গা। ছাত্রদলকে নিয়ে কোনো ধরনের কুরুচিপূর্ণ বা শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন। ছাত্রদলকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে রাজশাহীতে অবস্থান করার মতো এত বড় স্পর্ধা দেখাবেন না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার মধ্যে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ অনেক দফা বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ফ্যাসিস্ট ও মৌলবাদী অপশক্তি নানা ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে। তবে শান্তির শহর রাজশাহীতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদার সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।
সমাবেশে মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিভিন্ন থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এছাড়া যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি, ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন ও সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। এর আগে নগরীর ৩০টি ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বাটার মোড়ে এসে সমাবেশে সমবেত হন।







