
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাহাবুর মেম্বারকে পলাতক আসামি দেখিয়ে চারঘাট থানায় মামলা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে চারঘাট থানার বানেশ্বর-চারঘাট মহাসড়কের শিবপুর গ্রামের বটতলা মোড়ে জনৈক রফিকের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শাহাবুল হক (৩২), পিতা মৃত আব্দুস সাত্তার এবং মো. মেহেদী হাসান নয়ন (২৮), পিতা মো. মজিবর রহমান।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ সাহাবুর মেম্বারকে পলাতক আসামি দেখিয়ে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।







