
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাগমারায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভবানীগঞ্জ বাজারে আয়োজিত র্যালিতে বাগমারা উপজেলা বিএনপি, ভবানীগঞ্জ পৌরসভা বিএনপি, তাহেরপুর পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করা হয়। পরে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে ভবানীগঞ্জ বাজারের প্রধান সড়কগুলো মুখরিত হয়ে ওঠে।
র্যালি শেষে ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডি. এম. জিয়াউর রহমান জিয়া। প্রধান বক্তা ছিলেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নাঈম মো. সামসুর রহমান মিন্টু। সভায় সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বাগমারা উপজেলা, ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







