
স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার আলিপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।
অভিযানে মেসার্স বাচ্চু রানা ট্রেডার্স অ্যান্ড কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৫০০ লিটার জ্বালানি তেল পেট্রোল মজুত থাকার প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আলিপুর বাজারের ব্যবসায়ী বাচ্চু কৌশলে অবৈধভাবে পেট্রোল মজুত করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করছিলেন। পরে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত তেল উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।