
নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর দুর্গাপুর উপজেলা এলাকায় রাতের আধারে দুটি পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই চাষীর প্রায় দুই বিঘা জমির পান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের বাগমারা বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় এলাকার মসজিদে এশার নামাজ শেষে তারাবির নামাজ চলছিল। হঠাৎ ‘আগুন-আগুন’ চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দেখেন পানের বরজে আগুন জ্বলছে। পরে এলাকাবাসী নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস রওনা দিলেও আগুন নিয়ন্ত্রণে আসায় তাদের গাড়ি মাঝপথ থেকেই ফিরে যায়।
এ ঘটনায় উপজেলার রসুলপুর এলাকার নজরুল ইসলামের এক বিঘা এবং পারিলা গ্রামের গোলাম নবীর ১৮ কাঠা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত দুই চাষী জানান, আসন্ন ঈদ ও চৈত্র মাসে ভালো দামের আশায় তারা বরজের পান সংরক্ষণ করেছিলেন। কিন্তু চোখের সামনে সব পুড়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। তাদের দাবি, পুকুর খননের জন্য জমি না দেওয়ায় একটি পক্ষ শত্রুতা করে আগুন ধরিয়ে দিয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের ডিউটিরত ফায়ারকর্মী মোহাম্মদ আলী বলেন, “আগুন নিভে যাওয়ার খবর পেয়ে আমরা রাস্তা থেকেই ফিরে আসি।”
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের শনাক্তের দাবি জানিয়েছেন।