
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পদ্মা নদীর ধারে এ অভিযান পরিচালিত হয়।
গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন— মো. গোলাম মোস্তফা (৪৬) ও আব্দুর রশিদ (৪০)। দুজনই চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বকচর গ্রামের বাসিন্দা। গোলাম মোস্তফা মৃত হাববুর রহমানের পুত্র এবং আব্দুর রশিদ মৃত নোমান আলী মন্ডলের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— দুই ব্যক্তি নৌকাযোগে হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে পদ্মা নদীর ধারে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
এ সময় গোলাম মোস্তফার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৫টি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুজনসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।