
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, নির্বাচনকালীন ক্যাম্পাসে মোতায়েন থাকবেন দুই হাজার পুলিশ সদস্য, ১২ প্লাটুন র্যাব ও ৬ প্লাটুন বিজিবি সদস্য।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
কমিশনার বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ১৫, ১৬ ও ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দায়িত্ব পালন করবেন। প্রয়োজন হলে এই মেয়াদ আরও বাড়ানো হবে। র্যাব ও বিজিবি সদস্যরা ক্যাম্পাস এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করবেন। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো অঘটনের গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ক্যাম্পাস ও আশপাশের এলাকার বাসিন্দাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকে।
এদিকে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী কমিটির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনপূর্ব ও পরবর্তী তিন দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একাধিক সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। তিনি বলেন, প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বয়ে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণতান্ত্রিক মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করবে আসন্ন রাকসু নির্বাচন।