
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নিয়েছে। ২৩ সেপ্টেম্বর থেকে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটার এবং সদর দপ্তর থেকে ২ কিলোমিটারের মধ্যে অবস্থিত সব পূজামণ্ডপে ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পূজা মণ্ডপ এলাকায় কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং আইন-শৃঙ্খলা অবনতির সুযোগ না নেয়, সেজন্য নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এদিকে কর্ণেল মো. ইমরান ইবনে এ রউফ, সেক্টর কমান্ডার (রাজশাহী) এবং লে. কর্নেল হাসিবুল হক, পিপিএম, পিএসসি, অধিনায়ক (১ বিজিবি) বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তারা পূজা উদযাপন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন।
বিজিবির পক্ষ থেকে পূজা উদযাপন কমিটিকে আশ্বস্ত করা হয়েছে যে, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সার্বক্ষণিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদান অব্যাহত থাকবে।