
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রোগাক্রান্ত গরু জবাইয়ের উদ্দেশ্যে বাজারে আনার অভিযোগে এক পশু মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার বানেশ্বর হাটে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় পরিচালিত অভিযানে স্থানীয় আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি রোগাক্রান্ত গরু বাজারে আনেন। পরে জবাইয়ের প্রস্তুতির বিষয়টি ধরা পড়লে আদালত জনস্বার্থে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একইসাথে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সতর্ক করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “উপজেলাবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জনস্বাস্থ্য নিয়ে কোনো প্রকার আপস করা হবে না।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উপজেলাবাসীর জন্য নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







