
রাজু আহমেদ, নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিবচৌকি দীঘিতে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের সরাসরি উদ্যোগে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দীঘির পানি চলাচলের পথ বন্ধ থাকায় বৃষ্টির সময় পানি উপচে রাস্তাঘাট হয়ে বাসাবাড়িতে ঢুকে যেতো। এতে ভোগান্তিতে পড়তেন আশপাশের বহু পরিবার।
রবিবার (১০ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ নিজেই ঘটনাস্থলে উপস্থিত থেকে শ্রমিক ও সংশ্লিষ্টদের নিয়ে বাধা অপসারণ কার্যক্রম পরিচালনা করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় পানি চলাচলের পথ উন্মুক্ত হওয়ায় দীঘির পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে শুরু করে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রথম দায়িত্ব। দীর্ঘদিনের এই জলাবদ্ধতার সমাধান করতে পেরে আমি সন্তুষ্ট।”
স্থানীয় বাসিন্দারা সহকারী কমিশনার (ভূমি)-এর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং দ্রুত সমস্যার সমাধান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।