
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলায় আদালতের রায় অমান্য করে প্রভাবশালী একজন ব্যক্তি কৃষকের জমি জবর দখল করে সেখানে ধান রোপণ করেছেন। এ ঘটনা ঘটেছে উপজেলার বোনকেশর চকপাড়া গ্রামে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
শনিবার দুপুরে বোনকেশর চকপাড়া গ্রামের ওয়াহেদ আলীর পুত্র মতিউর রহমান তানোর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন একই গ্রামের মনির উদ্দীনের পুত্র জামিরুল রহমানের বিরুদ্ধে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচন্দর ইউনিয়নের বোনকেশর মৌজার ৪.১৬৫ একর জমির মধ্যে ০.৪৬ একর জমি মতিউর রহমান ক্রয় করে কাজনা খারিজ করে ভোগ দখল করে আসছিলেন। কিছুদিন আগে জামিরুল রহমান তার লোকজন নিয়ে ওই জমি দখলের চেষ্টা করলে মতিউর রহমান আদালতে মামলা করেন। আদালত তার পক্ষে রায় দেন এবং তানোর থানা পুলিশ উভয় পক্ষকে শান্তি বজায় রাখার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেন।
তবে রায়ের পরদিন জামিরুল রহমান ০.১৬ একর জমিতে আমন ধান রোপণ শুরু করেন এবং মতিউরকে ভয়ভীতি দেখিয়ে বাধা দেয়ার চেষ্টা করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত জামিরুল রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।