
নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে পরিবেশবিরোধী আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের বিপুল পরিমাণ চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (৮ জুলাই) উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বিউটি নার্সারি, সাদিয়া নার্সারি, শারমিন নার্সারি ও মিলি নার্সারিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ এ দুটি প্রজাতির চারাগুলো ধ্বংস করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত ১৫ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে। প্রজ্ঞাপনে বলা হয়, পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে এসব আগ্রাসী প্রজাতির পরিবর্তে দেশীয় প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে হবে।
প্রজ্ঞাপনের ভিত্তিতে বদলগাছী উপজেলার ১০টি নার্সারির তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে সব নার্সারিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে প্রশাসন।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনির নেতৃত্বে এবং সদস্যসচিব উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, পাহাড়পুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী আকাশমনি ও ইউক্যালিপটাসের চারা ধ্বংস করা হয়েছে। নার্সারি মালিকদের এসব চারা উৎপাদন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি বলেন, “অবৈধ চারা ধ্বংসের পাশাপাশি নার্সারি মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







