
নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা সদরের প্রথম শ্রেণির পৌরসভা হলেও কিছু এলাকার চিত্র এখনো গ্রামীণ অবহেলারই প্রতিচ্ছবি। বাঘা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়া গ্রামের একটি ৫০০ মিটার কাঁচা রাস্তা যেন উন্নয়নের বাইরে পড়ে আছে। বছরের পর বছর পার হলেও রাস্তার কোনো সংস্কার হয়নি। ফলে বর্ষা এলে ওই রাস্তায় চলাচল হয়ে ওঠে দুর্বিষহ। প্রায় ২০টি পরিবারের নিত্যদিনের যাতায়াত এ পথেই—কিন্তু তাদের ভাগ্যে জোটেনি পাকা রাস্তার স্বস্তি।
শনিবার (৫ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঘা-লালপুর মহাসড়কের উত্তরে কাসেমের বাড়ির পাশ দিয়ে শুরু হয়ে নবাব আলীর বাঁশঝাড় পর্যন্ত ৫০০ মিটার দীর্ঘ সরকারি রাস্তা। রাস্তাটির দুই প্রান্তে রয়েছে ২০টি পরিবারের বসবাস। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষায় সামান্য বৃষ্টিতেই কাদা ও পানি জমে তৈরি হয় কর্দমাক্ত জলাভূমি। এতে স্কুলপড়ুয়া শিশু থেকে অসুস্থ রোগী, এমনকি লাশ দাফনে নেওয়ার সময়ও চরম ভোগান্তি পোহাতে হয় গ্রামবাসীকে।
স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আগে ছিলাম ইউনিয়নে। এখন প্রথম শ্রেণির পৌরসভার বাসিন্দা হয়েছি। কিন্তু রাস্তা আগের মতোই কাঁচা। বর্ষায় চলা যায় না, পড়ে গিয়ে অনেকেই আহত হন। মেয়র বা কাউন্সিলরকে কতবার বলেছি, কোনো কাজ হয়নি।”
গ্রামের ইদ্রিস আলী বলেন, “সরকার বদলায়, চেয়ারম্যান বদলায়, পৌরসভা হয়েছে—কিন্তু আমাদের রাস্তার কোনো খবর কেউ রাখে না। আর কতকাল এমন দুর্ভোগ সইতে হবে জানি না।”
বিদ্যুৎ আলী নামে আরেকজন বলেন, “বাজার, স্কুল, চিকিৎসা—সব কাজেই এই রাস্তা দিয়েই যেতে হয়। অথচ বছরের পর বছর ধরে রাস্তাটা এভাবে পড়ে আছে। যদি দ্রুত পাকা করা হয়, তাহলে ২০টি পরিবার স্বস্তি পাবে।”
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাম্মী আক্তার বলেন, “এ ব্যাপারে আমি আগে জানতাম না। তবে সরাসরি জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কাঁচা রাস্তা পাকা করা এবং সংস্কার করা গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি। তাঁরা বলছেন, একটি মাত্র রাস্তা ঠিক হলে অন্তত দৈনন্দিন চলাচলের দুর্ভোগ লাঘব হবে। এখন দেখার পালা, কবে আসবে সেই প্রতীক্ষিত উন্নয়নের ছোঁয়া।