
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৩০০ বোতল অ্যালকোহলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মচমইল বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মকবুল (৪৭)। তিনি বাগমারা উপজেলার মচমইল এলাকার মৃত খোদাবক্সের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই তিনি তার দোকান থেকে অবৈধভাবে অ্যালকোহল বিক্রি করে আসছিলেন।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) উৎপল কুমার এর নেতৃত্বে পুলিশের একটি দল রাতের অভিযানে অংশ নেয়। অভিযানকালে মচমইল বাজারের একটি দোকানে তল্লাশি চালিয়ে ৩০০ বোতল অ্যালকোহল জব্দ করা হয়। মকবুলকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০০ বোতল অ্যালকোহলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।”
এ ব্যাপারে স্থানীয়রা জানান, মচমইল বাজারে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা চলছিল। পুলিশের এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা নিয়মিত এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন।