
ডিবিসি জার্নাল ডেস্ক : রাজশাহীর পবা উপজেলার পারিলা এলাকায় চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে আরএমপির পবা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মারিয়া খড়খড়ি এলাকার মুকুল হোসেন (৩৪) এবং নোয়াখালী জেলার আশরাফ (৩৮)।
শনিবার (১৪ জুন) সন্ধ্যায় চালক আনারুল ইসলামের কাছ থেকে ‘ভাড়ায় যাবে’ বলে অটোরিকশাটি নিয়ে যায় মুকুল ও আশরাফ। কিছুক্ষণ পর পারিলা এলাকায় গিয়ে চালককে কৌশলে সরিয়ে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে পুলিশকে খবর দেওয়া হয়।
পবা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই চোরকে আটক করে এবং চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, আটক মুকুল হোসেনের বিরুদ্ধে মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে এবং তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।