
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান ২৪২ জন আরোহী নিয়ে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার সময় বিমানের গন্তব্য নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।
ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক সূত্র জানায়, বিমানটি বার্মিংহামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে এনডিটিভির খবরে বলা হয়েছে, লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিল এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি।
বিমান বিধ্বস্তের সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমানে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা বের হচ্ছে, আর আকাশ ছেয়ে যাচ্ছে ঘন কালো ধোঁয়ায়।
দুর্ঘটনাস্থলের পাশে থাকা আবাসিক এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একাধিক টিভি চ্যানেলের লাইভ ফুটেজে দেখা যায়, সারি সারি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে।
এখনো পর্যন্ত নিহত বা আহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। তবে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, ‘‘বহু যাত্রীর প্রাণহানির শঙ্কা রয়েছে।’’
স্থানীয় এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “কিছু যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”
বিমান বিধ্বস্তের খবর পাওয়ার পরই উদ্ধার অভিযান শুরু করেছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF), দমকল ও পুলিশ বাহিনী। আবাসিক এলাকা হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।