
নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা এবং পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপসহ ৯ দফা দাবি জানিয়েছে ‘রাবি সংস্কার আন্দোলন’। রোববার (২৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেট এলাকার আমতলা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২০ জুনের মধ্যে দাবি পূরণ না হলে ‘মার্চ ফর আওয়ার রাইটস’ কর্মসূচিতে যাবেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার।
দাবিগুলোর মধ্যে রয়েছে: রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, পূর্ণাঙ্গ আবাসিকতা নিশ্চিত ও রোডম্যাপ প্রকাশ, রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ, ২৪ ঘণ্টা ক্যাম্পাস নিরাপত্তা, চিকিৎসাকেন্দ্রকে ৫০ শয্যার হাসপাতাল হিসেবে উন্নীতকরণ, প্রশাসনিক ডিজিটালাইজেশন ও ক্যাশলেস ক্যাম্পাস, ডাইনিংয়ে মানসম্মত খাবারে ভর্তুকি, কেন্দ্রীয় গ্রন্থাগার সংস্কার, পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকর।
সালাহউদ্দিন আম্মার বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের অব্যবস্থা ও অবহেলায় বিশ্ববিদ্যালয় জর্জরিত। দাবি না মানা হলে ২১-২৮ জুন পর্যন্ত জনসচেতনতামূলক কর্মসূচি এবং ২৯ জুন থেকে পূর্ণদমে আন্দোলন শুরু হবে। এতে ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।







