
নিজস্ব প্রতিবেদক : ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, হোল্ডিং খোলা, ভিপি লিজ মানি আদায় ও অনলাইন ভূমি কর প্রদানের সুবিধা নিশ্চিত করতে নওগাঁর মান্দা উপজেলায় ইউনিয়নভিত্তিক বিশেষ শুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভারশো-তেতুলিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা রাজস্ব প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া ও ভোগান্তি কমাতে ইউনিয়ন পর্যায়ে এ ধরনের বিশেষ শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই মানুষ যেন ঘরে বসেই অনলাইনে ভূমি কর দিতে পারে, হোল্ডিং খুলতে পারে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই লিজ মানি পরিশোধ করতে পারে।”
তিনি আরও বলেন, “ভূমি বিষয়ক যেকোনো জটিলতা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন কার্যক্রম অব্যাহত থাকবে। স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক সন্তুষ্টি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি মালিকরা অংশগ্রহণ করেন এবং তাৎক্ষণিকভাবে তাদের অভিযোগ ও সমস্যার সমাধান করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল প্রমুখ।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এমন শুনানির আয়োজন করা হবে।







