
পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ, পাঁচ খাতে যাচ্ছে মোট ৭০ শতাংশ অর্থ
নিউজ ডেস্ক: ২০২৫-২৬ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করেছে সরকার। পরিকল্পনা কমিশনের প্রস্তাবে চূড়ান্ত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় ১৪ হাজার কোটি টাকা বেশি।
রোববার (১৮ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এডিপি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।
চূড়ান্ত এডিপিতে মোট ১ হাজার ১৪২টি প্রকল্পের জন্য ২ লাখ ১৫ হাজার ৫১৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে বরাদ্দ ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা ও বৈদেশিক ঋণ ৮৬ হাজার কোটি টাকা।
কোন খাতে কত বরাদ্দ?
বরাবরের মতো এবারও সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, যার জন্য বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের ২৫.৬৪ শতাংশ বা ৫৮,৯৭৩ কোটি টাকা। এছাড়াও উল্লেখযোগ্য বরাদ্দগুলো হলো:
বিদ্যুৎ ও জ্বালানি: ১৪.০৮% (৩২,৩৯২ কোটি টাকা)
শিক্ষা: ১২.৪২% (২৮,৫৫৭ কোটি টাকা)
গৃহায়ন ও কমিউনিটি সুবিধা: ৯.৯০% (২২,৭৭৬ কোটি টাকা)
স্বাস্থ্য: ৭.৮৯% (১৮,১৪৮ কোটি টাকা)
অন্যান্য খাতে বরাদ্দ:
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: ১৩,৪৭২ কোটি টাকা
কৃষি: ১০,৭৯৫ কোটি টাকা
পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ: ১০,৬৪১ কোটি টাকা
শিল্প ও অর্থনৈতিক সেবা: ৫,০৩৮ কোটি টাকা
বিজ্ঞান ও প্রযুক্তি: ৩,৮৯৪ কোটি টাকা
ধর্ম, সংস্কৃতি ও বিনোদন: ৩,৬৭৫ কোটি টাকা
জনশৃঙ্খলা ও সুরক্ষা: ২,৭৭৭ কোটি টাকা
সামাজিক সুরক্ষা: ২,০১৮ কোটি টাকা
সাধারণ সরকারি সেবা: ১,৮৭৭ কোটি টাকা
প্রতিরক্ষা: ৪৭৫ কোটি টাকা
ব্যয় হ্রাসে সংযমী পদক্ষেপ
চলতি অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে তা কমিয়ে ২ লাখ ১৬ হাজার কোটি টাকায় আনা হয়। আগামী অর্থবছরের জন্য নির্ধারিত বাজেটটি সংশোধিত বাজেটের তুলনায় বাড়লেও মূল বাজেটের তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম।
সরকারি অর্থায়ন ও বৈদেশিক ঋণের নির্ভরতার ক্ষেত্রেও দেখা গেছে কিছুটা সংযম। সরকারের অর্থায়ন ২১ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ১৪ হাজার কোটি টাকা কমানো হয়েছে।







