
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর কনফারেন্স রুমে মহানগরীর যানজট নিরসন, নওদাপাডা নতুন বাস টার্মিনাল চালু, অটোরিকশা নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ইত্যাদি বিষয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও প্রশাসক রাজশাহী সিটি কর্পোরেশন খোন্দকার আজিম আহমেদ, এনডিসি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম, রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন, রাজশাহী চেম্বার অব কমার্স এর সভাপতি, আরডিএ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি, বাস মালিক সমিতির প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তাগণ ।
সভায় বাস স্ট্যান্ড নওদাপাড়ায় স্থানান্তর, ক্লোজ সার্কিট ক্যামেরা (CCTV) স্থাপন, সাহেব বাজারে রোড ডিভাইডার সম্পন্ন করা, হকারদের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ, কালার ভেদে অটো রিক্সা চলাচল। অটোর সংখ্যা নিয়ন্ত্রণ ও রিপ্লেসমেন্ট অটো না দেয়া, অটো ড্রাইভারদের প্রশিক্ষণ, অটো স্ট্যান্ড নির্দিষ্টকরণ, ডাম্পিং এর স্থান নির্ধারণ ও নগরীতে ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু করা সংক্রান্তে আলোচনা হয়।
মতবিনিময় সভায় আরএমপি ও জেলা পুলিশ রাজশাহী’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজশাহীর গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধি, সিনিয়র সিটিজেন ফোরাম এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নগরীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।







