
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কথা বলে, আওয়ামী লীগ, উন্নয়নের কথা বলে, কল্যানের কথা বলে, দেশ গড়ার কথা বলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন উন্নয়ন। দেশের সর্বক্ষেত্রে আজ উন্নয়ন দৃশ্যমান। কেউ বাংলাদেশের অগ্রগতি থামাতে পারবে না।
বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর আয়োজিত অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশে অংশ নিয়ে এসব বলেন। আজ বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর ও শালবাগান মোড়ে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
তিনি আরো বলেন, নির্বাচন হবে, জনগণ নির্বাচনে অংশ নিবে। বিএনপিকে অনেকবার নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানানো হয়েছে। তারা নির্বাচনে অংশ না নিলে আমাদের কিছু করার নাই। তাদের পায়ে ধরে নির্বাচনে অংশগ্রহণ করানো আমাদের ও নির্বাচন কমিশনের কাজ নয়।
এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, মহানগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







