
নিজস্ব প্রতিবেদক: তারেক রহমান ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ -এ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তাঁর সঙ্গে নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও শ্রদ্ধা জানান।
বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে আবারও ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং চত্বরে একটি পারিজাত গাছের চারা রোপণ করেন।
পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী লেখেন-
“ফ্যাসিবাদী শাসন ও শোষণের অবসানের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশের মানুষ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নবগঠিত মন্ত্রিসভাসহ আমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার সংগ্রামসহ দেশের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার সকল আন্দোলনে শহীদদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা জানাই।
আমি ও আমরা বিশ্বাস করি, শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা কাজ শুরু করেছি। আল্লাহ যেন আমাদের ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করেন। আমি আবারও সকল শহীদের মাগফিরাত কামনা করছি।