
কায়েস কাওছার, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৯ আগস্ট) ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন রাজশাহীর বাগমারা উপজেলার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন (৬০) ও এই দম্পতির দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।
সলঙ্গা থানার ওসি এনামুল হক বলেন, ‘রাত ৩টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং মাইক্রোবাসে থাকা ৪ যাত্রীর সবাই ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মাইক্রোবাসের চালক গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
নিহতদের স্বজনদের কাছে সংবাদ পাঠানো হয়েছে। আহত চালককে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরই ট্রাকটি নিয়ে চালক পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।







