
নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-কে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।
জাতীয় সংসদে বিএনপির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পর তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবন-এর শপথকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংবিধান সংস্কার পরিষদ প্রসঙ্গে দলীয় অবস্থান তুলে ধরেন। শপথ গ্রহণ শেষে এমপিরা শপথপত্রে স্বাক্ষর করেন।
সূচি অনুযায়ী, বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
এদিন সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।