
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায়
সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর। তিনি স্বাগত বক্তব্যে শিক্ষার মান, শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষার্থী তৈরির বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তকী ফয়সাল তালুকদার। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার উদ্দেশ্য মনুষ্যত্ব অর্জন। এই কথাটি মাথায় রেখে শিক্ষকরা শিক্ষার্থীদের মাদক, মাদক বাণিজ্য ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে পারেন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউসা ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট রেজাউল করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু বাসির, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ জহুরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রব, অধ্যক্ষ আবু সাঈদ মোঃ সিদ্দিক, প্রধান শিক্ষক এমদাদুল হক, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস ও প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ সরকার প্রমুখ।
বক্তারা শিক্ষকদের মর্যাদা, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন,একজন শিক্ষকই পারে একটি সুন্দর জাতি গঠন করতে। শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। তাই সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
অতীতকে ভুলে গিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের পাঠদানের আহ্বান জানান। শিক্ষকরাও তাদের সুরক্ষা আইনসহ বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।







