
নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু হচ্ছে আগামী শনিবার। চারুকলা অনুষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবনের ৩টি শ্রেণিকক্ষে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ২৩ আগস্ট শুরু হয়ে চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের আয়োজনে এ প্রদর্শনীতে ১৬০ জন শিক্ষার্থীর প্রায় ২০০টি শিল্পকর্ম স্থান পাবে।
বৃহস্পতিবার বিকালে চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. বনি আদম।
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবনের তিনটি গ্যালারিতে এসব শিল্পকর্ম প্রদর্শিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক বনি আদম বলেন, প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবন-জীবিকা এবং আনন্দ-বেদনার মতো বিষয়গুলো উঠে এসেছে। আধুনিক শিল্পকলার নানা মাধ্যমের পাশাপাশি সাম্প্রতিক ঘটনাপ্রবাহও শিক্ষার্থীদের কাজে ফুটে উঠবে।
তিনি আরও বলেন, এবারের শিল্পকর্মগুলোতে লোকজ ও আধুনিকতার এক নান্দনিক সম্মিলন ঘটানো হয়েছে। ড্রইং, স্কেচ, জলরং, তেলরং, অ্যাক্রেলিক, মিনিয়েচার, ক্যালিগ্রাফি, উডকাট, এচিং, এ্যাকুয়াটিন্টসহ বিভিন্ন মাধ্যমের কাজ প্রদর্শনীতে দেখা যাবে।
এবারের প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪২টি পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কার, মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার, শ্রেণি শ্রেষ্ঠ পুরস্কার, নিরীক্ষাধর্মী শ্রেষ্ঠ পুরস্কার এবং স্মৃতি পুরস্কার।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলী উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক হুমায়ুন কবির এবং সহযোগী অধ্যাপক আমীরুল ইসলাম উপস্থিত ছিলেন।